সৌদি আরবে বিমান চলাচল বন্ধ, স্থগিত বিমানের ঢাকা–রিয়াদ রুটের দুই ফ্লাইট
ছবি-সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার (১০ অক্টোবর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটির চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের টিকিট কাটা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিমান সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি ও চলাচল সম্পর্কে রোববার (১১ অক্টোবর) বিস্তারিত তথ্য জানানো হবে।
যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রাপথে অনিশ্চয়তায় পড়েছেন সংশ্লিষ্ট যাত্রীরা। এ পরিস্থিতিতে টিকিটসংক্রান্ত তথ্য ও পরবর্তী করণীয় জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ টিকিট বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার তথ্য উঠে এসেছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে অথবা সেগুলো বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।