সংবাদ শিরোনাম

সামরিক মহড়ার পর সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সামরিক মহড়ার পর সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ত্রিদেশীয় সামরিক মহড়া শেষ হওয়ার এক দিন পর সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার পূর্ব উপকূলীয় ওয়ানসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সিউল জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সমন্বয় করছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড বলেছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি। এক বিবৃতিতে কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তারা অবগত এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক দিন আগে শুক্রবার ‘ফ্রিডম এজ’ নামে ত্রিদেশীয় সামরিক মহড়া শেষ হয়। সোমবার শুরু হওয়া এই মহড়ায় উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার জবাব দেওয়ার প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছিল।

মহড়ার বিরোধিতা করে আসছিল পিয়ংইয়ং। চলতি সপ্তাহের শুরুতেই উত্তর কোরিয়া সতর্ক করে বলেছিল, এর জবাবে তারা পদক্ষেপ নিতে পারে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম সং-গি বলেছিলেন, শক্তির দৃষ্টিকোণ থেকে পিয়ংইয়ং ‘কঠোর ও দৃঢ় পাল্টা ব্যবস্থা’ নেওয়ার সক্ষমতা রাখে।

এর কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের আরেকটি নিয়মিত সামরিক মহড়ার পরিসর কমিয়ে এনেছিল। ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের ওই মহড়া ১১ দিন ধরে চলার কথা ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সূত্র: দ্য হিল