সংবাদ শিরোনাম

বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ কেন হলো না? সামনে এলো নিরাপত্তা জটিলতার তথ্য

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ কেন হলো না? সামনে এলো নিরাপত্তা জটিলতার তথ্য

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):

বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ঐতিহাসিক প্রীতি ম্যাচ শেষ পর্যন্ত কেন হয়নি, তার পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগের তথ্য সামনে এসেছে।

ব্রাজিলের শীর্ষ ক্রীড়া সংবাদমাধ্যম ge-এর ৯ সেপ্টেম্বরের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) আগস্টে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠায়। দলটির নেতৃত্বে ছিলেন ব্রাজিল জাতীয় দলের General Supervisor Sérgio Dimas de Oliveira। প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও Bashundhara Kings Arena পরিদর্শন করে।

পরিকল্পনা ছিল, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের পর ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের একটি ম্যাচ আয়োজন করা। তবে সেটি কখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

নিরাপত্তাই বড় বাধা

ge-এর তথ্য অনুযায়ী, CBF-এর প্রধান উদ্বেগ ছিল নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ। জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার বিপরীতে বাংলাদেশে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার কারণে অতিরিক্ত ভিড়, প্রবেশ ও বের হওয়ার সময় crowd control এবং স্টেডিয়ামের আশপাশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

আলোচনার পর্যায়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সহায়তায় নিরাপত্তা দেওয়ার বিকল্পও বিবেচনা করা হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরু পর্যন্ত CBF প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থায় পুরোপুরি আশ্বস্ত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সফরের পরিকল্পনা থেকে সরে আসে সংস্থাটি।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নিরাপত্তা সংস্থাকে দায়ী করা হয়েছে—এমন তথ্য প্রকাশিত হয়নি। মূল সমস্যা ছিল সামগ্রিক নিরাপত্তা নিশ্চয়তা, সম্ভাব্য বিপুল জনসমাগম এবং ভেন্যু ব্যবস্থাপনা।

CBF-এর প্রতিনিধি দলের ঢাকা সফর অবশ্য নিশ্চিত করে, বাংলাদেশে ব্রাজিলকে আনার বিষয়টি নিছক গুজব ছিল না; এটি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ বাস্তবভাবে সম্ভাব্যতা যাচাই করেছিল।

এবারের সূচিতে বাংলাদেশ না থাকলেও দুই দেশের বিপুল ফুটবলভক্তের আগ্রহ এবং CBF-এর সাম্প্রতিক ঢাকা সফর ভবিষ্যতে নতুন করে আলোচনার সম্ভাবনা রেখে দিয়েছে।