ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞা, ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বলল তেহরান
ছবি- সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ২৭টি এয়ারলাইন ও বেসামরিক বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এসব পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ ও ‘সম্মিলিত শাস্তি’ আখ্যা দিয়ে জাতিসংঘের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স গোলামহোসেইন দারজি বুধবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ অবস্থান জানান।
চিঠিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের ২৭টি এয়ারলাইন ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে। তেহরানের দাবি, এটি ইরানের জনগণের ওপর অর্থনৈতিক চাপ ও দুর্ভোগ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা কার্যক্রমেরই অংশ।
ইরানের অভিযোগ, নিষেধাজ্ঞার কারণে বেসামরিক উড়োজাহাজের যন্ত্রাংশ, প্রয়োজনীয় সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, মেরামত, পরিদর্শন ও কারিগরি সেবায় বাধা তৈরি হচ্ছে। এতে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা ঝুঁকিতে পড়তে পারে এবং লাখো মানুষের যাতায়াত সীমিত হতে পারে বলে দাবি করেছে তেহরান।
ইরান আরও বলেছে, এ ধরনের পদক্ষেপ বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। চিঠিতে ২০১৮ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের একটি আদেশের কথাও উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, ওই আদেশে ইরানের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা রপ্তানিতে বাধা না দেওয়ার নির্দেশনা ছিল।
চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক আগ্রাসন’ চালানোর অভিযোগ এনে বলা হয়, বেসামরিক জনগণের ওপর ব্যাপক ও পূর্বানুমেয় দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক চাপ প্রয়োগ করা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
ইরান জানিয়েছে, এসব পদক্ষেপের বিরুদ্ধে জবাবদিহি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে তারা সব ধরনের আইনি পথ ব্যবহারের অধিকার সংরক্ষণ করছে। নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের আওতায় দায়বদ্ধ করারও দাবি জানিয়েছে তেহরান।
জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে ইরান যুক্তরাষ্ট্রকে একতরফা নিষেধাজ্ঞা ও ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাতে বলেছে। একই সঙ্গে বেসামরিক জনগণের ওপর নিষেধাজ্ঞার মানবিক ও নিরাপত্তাগত প্রভাব নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দেশটি।
ইরান আরও আহ্বান জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সাংঘর্ষিক মার্কিন একতরফা নিষেধাজ্ঞা স্বীকৃতি বা বাস্তবায়ন না করে।
চিঠিটি নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রচারের অনুরোধও জানিয়েছে তেহরান।