রোড আইল্যান্ডে প্রাইমারিতে হোঁচট খেলেন ক্ষমতাসীনরা
ছবি- সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে বুধবারের ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ধাক্কা খেয়েছেন ক্ষমতাসীন নেতারা। রাজ্যের গভর্নর ড্যান ম্যাকি ও সবচেয়ে বড় শহর প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি নিজ নিজ দলের প্রাইমারিতে হেরে গেছেন।
গভর্নর পদে সাবেক সিভিএস নির্বাহী হেলেনা ফোকস ম্যাকিকে পরাজিত করেন। অন্যদিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজ্য প্রতিনিধি ডেভিড মোরালেস প্রভিডেন্সের মেয়র স্মাইলিকে হারিয়েছেন। একই রাতে সিনেটর জ্যাক রিড সহজেই ষষ্ঠ মেয়াদে ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করেছেন।
ম্যাকির পরাজয়ের পেছনে ভোটারদের ক্ষোভের বড় কারণ ছিল গুরুত্বপূর্ণ ওয়াশিংটন ব্রিজ পুনর্নির্মাণে ধীরগতি। প্রভিডেন্স ও ইস্ট প্রভিডেন্সকে যুক্ত করা সেতুটির পশ্চিমমুখী অংশ ২০২৩ সাল থেকে বন্ধ। এটি পুরোপুরি চালু হওয়ার কথা ২০২৮ সালের নভেম্বরের আগে নয়।
সেতুটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সময় বেড়েছে। পাশাপাশি আতিথেয়তা খাতসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ম্যাকির প্রশাসন অবশ্য দাবি করে আসছে, সেতু ভাঙার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়েছে।
বুধবার রাত ৯টা পর্যন্ত ৮৪ শতাংশ ভোট গণনায় ফোকস ম্যাকির চেয়ে ২৫ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। সর্বশেষ এমারসন কলেজের জরিপেও ফোকস ১৫ পয়েন্টে এগিয়ে ছিলেন।
ম্যাকির এই হার সাম্প্রতিক মার্কিন রাজনীতিতে বিরল ঘটনা। সর্বশেষ ২০১৮ সালে কানসাসের গভর্নর জেফ কোলিয়ার দলীয় প্রাইমারিতে হেরেছিলেন। এর আগে নির্বাচিত কোনো ক্ষমতাসীন গভর্নর নিজের দলের মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ার সর্বশেষ নজির ছিল ২০১৪ সালে, যখন হাওয়াইয়ের সাবেক গভর্নর নিল অ্যাবারক্রম্বি পরাজিত হন।
প্রভিডেন্সে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ডেভিড মোরালেসের জয়ও এবারের প্রাইমারিতে দলটির বামপন্থী শিবিরের উত্থানকে আরও জোরালো করল। রাত ৯টা পর্যন্ত পাওয়া ফলে মোরালেস স্মাইলির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন।
চলতি প্রাইমারি মৌসুমে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের প্রভাব বাড়ছে। নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের কয়েকটি আসনে এই ঘরানার প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে। ফ্লোরিডা ও ওকলাহোমায়ও দুই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সিনেটের দলীয় মনোনয়ন পেয়েছেন।
মোরালেসের জয়ের ফলে যুক্তরাষ্ট্রের মেয়রদের তালিকায় আরও একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যুক্ত হওয়ার পথে। ডেমোক্রেটিকদের শক্ত ঘাঁটি রোড আইল্যান্ডে সাধারণ নির্বাচনে তাঁর জয় সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী সপ্তাহে ডেলাওয়্যার প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার পর সব অঙ্গরাজ্যের দলীয় বাছাই শেষ হবে। এরপর শরতের সাধারণ নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লড়াই আরও তীব্র হওয়ার অপেক্ষা।
সূত্র: দ্য হিল