যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় নিহত অন্তত পাঁচজন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা এখনো পানিবন্দি মানুষদের উদ্ধারে কাজ করছেন।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানিয়েছিলেন, যাতে রাজ্যের জন্য আরও বেশি সরকারি সহায়তা পাওয়া যায়। শনিবার তিনি জানান, কেন্দ্রীয় সরকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
রিপাবলিকান গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, প্রবল ঝড় ও নজিরবিহীন বন্যা নিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাঁকে জানিয়েছেন, প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ অনুমোদনের পরিকল্পনা রয়েছে।
ব্রাউন বলেন, বন্যার পরিস্থিতি মোকাবিলা ও পুনরুদ্ধারের কাজে ইন্ডিয়ানার প্রয়োজনীয় কেন্দ্রীয় সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।
বন্যার পানিতে বাড়িঘর ডুবে যাওয়ায় নৌকা ব্যবহার করে মানুষকে উদ্ধার করছেন জরুরি বিভাগের কর্মীরা। গত এক সপ্তাহে ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যায়।
ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট বলেছেন, তিন দশকের বেশি সময়ের মধ্যে এটাই ওই এলাকায় সবচেয়ে ভয়াবহ বন্যা। জাতীয় আবহাওয়া পরিষেবার হিসাবে, কিছু এলাকায় মাত্র দুই দিনেই ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
ডেলাওয়্যার কাউন্টির শেরিফের কর্মকর্তারা শুক্রবার ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেন। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জেনিংস কাউন্টিতে এ সপ্তাহে একটি গাছ বাড়ির ওপর পড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার থেকে নিখোঁজ থাকা এক কিশোরের মরদেহও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই কিশোর নদীতে ঝাঁপ দিয়েছিল বলে জানানো হয়েছে।
বন্যার পানিতে গাড়ি নিয়ে প্রবেশ না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, পানির গভীরতা ও স্রোত সম্পর্কে ধারণা না থাকায় যানবাহন সহজেই পানিতে আটকে যেতে পারে।
শনিবার গভর্নর ব্রাউন বলেন, বন্যায় নিহত পাঁচজনের পরিবার ও স্বজনদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কথাও উল্লেখ করে তিনি সবাইকে বন্যার পানিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং পানির কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান।
সূত্র: আলজাজিরা