খুলনায় গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ আটক ১

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ আটক ১

খুলনা ব্যুরো :

খুলনা নগরের ব্যস্ত ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত হিসেবে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।