প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনায় ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। পরিবারের দাবি, ২১ ফেব্রুয়ারি তারাবির নামাজ পড়তে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় তার বাবা কাজী সোবহান স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে পরিবারের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে মা রোকসানা সোবহান জানান, তার ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা শত্রুতার অভিযোগও নেই। তিনি বলেন, “কোনো কারণ ছাড়াই আমার ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন সুজন। নিখোঁজের ঘটনায় তার স্ত্রী নাবিলা রহমান ও পাঁচ বছরের সন্তান চরম উৎকণ্ঠায় রয়েছেন। পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করা হয়েছে।
খুলনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের ঘটনায় তদন্ত চলছে। একজন উপপরিদর্শককে (এসআই) এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পিবিআইও আলাদাভাবে বিষয়টি খতিয়ে দেখছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনো উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এদিকে, স্থানীয় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুজনকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
পরিবারের আশা, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে দ্রুতই নিখোঁজের রহস্য উদঘাটন হবে।