খুমেকে সাবেক ছাত্রদল অ্যালামনাইয়ের দোয়া ও ইফতার

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন   |   খুলনা

খুমেকে সাবেক ছাত্রদল অ্যালামনাইয়ের দোয়া ও ইফতার

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা মেডিকেল কলেজ হোস্টেল মাঠে সোমবার (২ মার্চ) সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন নেতাকর্মী ও বর্তমান শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ, ঐক্য ও মানবসেবার মানসিকতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের আদর্শিক ও নৈতিক চর্চার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ড্যাবের সভাপতি ডা. মোঃ রফিকুল হক বাবলু, মহানগর ড্যাবের সভাপতি ডা. মোস্তফা কামাল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব কামাল হোসেন জাফরী। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, প্রাক্তন ছাত্রনেতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত থাকবে।