মাছের ঘেরে যুবকের মরদেহ, পূর্বশত্রুতার সন্দেহম

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন   |   খুলনা

মাছের ঘেরে যুবকের  মরদেহ, পূর্বশত্রুতার সন্দেহম

খুলনা ব্যুরো :

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ একটি মাছের ঘেরে ফেলে রাখা হয়।

সোমবার (২ মার্চ) সকালে বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে খোঁজ নিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।