ওয়ার্ডে যোগাযোগ সহজে কেসিসির নতুন নির্দেশ

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন   |   খুলনা

ওয়ার্ডে যোগাযোগ সহজে কেসিসির নতুন নির্দেশ

খুলনা ব্যুরো

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে ওয়ার্ড অফিসে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত উপস্থিতির সময়সূচি ও মোবাইল ফোন নম্বর নোটিশ বোর্ডে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।


২ মার্চ সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তন-এ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রশাসক বলেন, দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তাদের নিজ নিজ ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হয়। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকা সম্ভব না হওয়ায় নগরবাসী নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও কর্মকর্তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


এ সময় তিনি উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, সড়কে পর্যাপ্ত বাতির ব্যবস্থা, নির্ধারিত সময়ে সড়কবাতি জ্বালানো-নিভানো, স্পর্শকাতর স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ এবং সড়কের ওপর দীর্ঘদিন যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না—এসব বিষয় নিয়মিত তদারকির নির্দেশ দেন। পাশাপাশি ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে সচেতনতা তৈরির নির্দেশও দেন।

সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রশাসক নগরীর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন এবং বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।