কালীগঞ্জে অবৈধ সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করা হয়।
রোববার (১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাগর ট্রেডার্সে অভিযান চালানো হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী এ জরিমানা ও সার জব্দের ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
কৃষি কর্মকর্তা জানান, ব্যবসায়ী খাইরুল বাসারের বিক্রয় এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিনচালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সার জব্দ ও অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া ভবিষ্যতে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।