সংবাদ শিরোনাম

সাতক্ষীরার তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের ঘোষণা : পাটকেলঘাটায় ধানের শীষের প্রার্থী হাবিব

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরার তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের ঘোষণা : পাটকেলঘাটায় ধানের শীষের প্রার্থী হাবিব

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আগামীতে আবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তালা উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করব।”

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না। আমি নির্বাচিত হলে তালা ও কলারোয়ার সব শ্রেণির মানুষের নিরাপত্তা নিশ্চিত করব।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের নারী প্রধান পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা চালু করা হবে।

জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।