চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ
খুলনা ব্যুরো :
বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলম হোসেন গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ঘটনার পর তাকে উদ্ধার করে কচুয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
আলম হোসেনের অভিযোগ, গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে বাড়ির সামনে অবস্থানকালে জামাল শেখ ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়
তিনি আরও দাবি করেন, এলাকায় আরও কয়েকজনের কাছেও একইভাবে চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জামাল শেখ বলেন, আলম হোসেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সকালে ধানের শীষের একটি মিছিল চলাকালে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে তিনি আহত হন। চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।