সংবাদ শিরোনাম

খেলাধুলার মধ্য দিয়ে নেতৃত্ব গঠনের আহ্বান কেসিসি প্রশাসকের

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন   |   খুলনা

খেলাধুলার মধ্য দিয়ে নেতৃত্ব গঠনের আহ্বান কেসিসি প্রশাসকের

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেছেন, স্কুল জীবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অধ্যায়। এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সারা বছর মানসিক ও শারীরিক প্রস্তুতি গ্রহণ করে, যা তাদের শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই নির্ভর করছে। আগামী দিনে নিজেদের কোথায় দেখতে চাও, সে লক্ষ্য এখন থেকেই নির্ধারণ করতে হবে। লক্ষ্য স্থির করে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব। তিনি আরও বলেন, মানুষের প্রচেষ্টার সঙ্গে মহান সৃষ্টিকর্তার রহমত যুক্ত হলে সফলতার শিখরে পৌঁছানো সহজ হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কেসিসির সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, প্রশাসকের একান্ত সচিব মো. আমিরুল আরাফাত, খানজাহান আলী থানা শিক্ষা কর্মকর্তা মোছা. রুমানা ইয়াসমিন, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা ও সমাজসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।