দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
মো. ইউসুফ হোসেন বাবলু , দৌলতখান ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান-এ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কিশোরীদের অধিকার রক্ষায় পরিচালিত ‘স্টপ দ্য স্টিগমা ২.০: এমপাওয়ারিং ড্রিমস অব মেনস্ট্রুয়েটিং গার্লস ইন বাংলাদেশ’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন� ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ�।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাসিক নিয়ে সমাজে প্রচলিত ট্যাবু ও কুসংস্কার দূর করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। একইসঙ্গে গ্রামীণ পর্যায়ের কিশোরীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুব আলম এবং দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং সাজেদা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপস্থাপনা করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।