জ্বালানি পাম্পে তদারকি: বরিশালে পাম্প ও ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক
ভ্রাম্যমান প্রতিনিধি :
জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও ভোক্তাবান্ধব রাখতে বরিশালের বিভিন্ন তেল পাম্প ও ডিপো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
পরিদর্শন কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দীনেশ সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পাম্পগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি এবং পরিমাপে সঠিকতা নিশ্চিত করার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ডিপো পরিদর্শনের সময় জ্বালানি তেলের মজুত অবস্থা, সংরক্ষণ ব্যবস্থাপনা, নিরাপত্তা মানদণ্ড ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি পর্যালোচনা করা হয়। নিরাপদ সংরক্ষণ ও নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।