বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পিআইডি
০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

জাতীয়

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:   

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

মানসিক স্বাস্থ্য-মানুষের সার্বিক সুস্থতা, কর্মক্ষমতা ও জীবনমানের একটি অপরিহার্য অংশ। পরিবর্তিত বিশ্বপরিস্থিতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা, একাকিত্ব, মাদকাসক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্রের চাপ এবং দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা মানুষের মানসিক স্বাস্থ্যর ওপর গভীর প্রভাব ফেলছে। তাই শারীরিক স্বাস্থ্যর পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘Lived Experiences Heard: Real Voices, Real Change’ অর্থাৎ ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’-বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। মানসিক স্বাস্থ্য সমস্যার অভিজ্ঞতা যাঁদের জীবনে সরাসরি রয়েছে, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামতকে নীতি প্রণয়ন ও সেবা পরিকল্পনায় গুরুত্ব দেওয়াই এ প্রতিপাদ্যের মূল বার্তা।

বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটিকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বিত করার কার্যক্রম নেওয়া হয়েছে। মানসিক সমস্যা চিহ্নিত করতে ও প্রকৃত সেবা রোগীর কাছে পৌঁছে দিতে পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের মানসিক স্বাস্থ্যর পরিচর্যা এবং পরিবার ও সমাজের সমর্থন জরুরি। ঝাড়ফুঁক বা অবিজ্ঞানভিত্তিক চিকিৎসার পরিবর্তে যথাযথ চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি আবশ্যক।

আমি দেশের সকল নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি। মানসিক সুস্থতাসম্পন্ন ও কর্মক্ষম জাতি গঠনে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে-এ প্রত্যাশা করি।

আমি ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”