সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্র

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   জাতীয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্র

ডেক্স নিউজ:

দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের রহমতপুর থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত একটি নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা শেষে এ রুটটি চূড়ান্ত করা হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের এ উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে ভোলাকে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য তিনটি সম্ভাব্য রুট উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটকে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় কোথাও বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে, আবার প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি রুটটিতে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা, কারিগরি দিক ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে যেসব এলাকায় যোগাযোগব্যবস্থা এখনও বাধাগ্রস্ত, সেখানে সমন্বিত অবকাঠামো গড়ে তুলে মানুষের চলাচল সহজ করতে হবে। একই সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত করার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় কমার পাশাপাশি পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে আশা করা হচ্ছে।

নদী ও জলাভূমি দ্বারা বিচ্ছিন্ন ভোলার মানুষের দৈনন্দিন যোগাযোগে দীর্ঘদিন ধরেই নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সড়ক যোগাযোগ চালু হলে সড়কপথে যাতায়াতের সুযোগ বাড়বে এবং নৌপথের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা রুটের অন্যতম সুবিধা হলো তুলনামূলকভাবে কম দূরত্বে দ্রুত ও কম খরচে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা। বিশেষ করে রাজধানী ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প সড়কপথ হিসেবে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement