কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয় এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক-ভূমিমন্ত্রী

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন   |   জাতীয়

কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়  এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক-ভূমিমন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):  

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। তিনি আরো বলেন, রাজশাহী কলেজ আমাদের সবার মা। মায়ের সন্তানের মতো এ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান সব শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদ্যাপন করতে হবে। ১৫০ বছর উদ্যাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে। এ আয়োজন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। 

মন্ত্রী আজ ঢাকায় হেয়ার রোডে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠান বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে। দেশ-বিদেশে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে মহাদেশ ভিত্তিক অ্যালামনাসদের নিয়ে কমিটি করে এ ঐতিহাসিক এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে হবে।                                                                            

 তিনি আরো বলেন, কলেজের দেড়শত বর্ষ উদ্যাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। তাই দেড়শত বর্ষ উদ্যাপন হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব।

ভূমিমন্ত্রী বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, দুদক সচিব মো: সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট ও সাবেক স্বরাষ্ট্র সচিব এস.এম. জহুরুল ইসলাম। এছাড়া, বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


Advertisement
Advertisement
Advertisement