সংবাদ শিরোনাম

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে ০১৬ নম্বর-সিম-প্যাকেজ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   জাতীয়

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে ০১৬ নম্বর-সিম-প্যাকেজ

মিল্টন মাহমুদ :

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

রবি আজিয়াটা জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার পর নতুন পরিচয়ে সামনে এসেছে ‘সার্কেল’। তবে নাম ও ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এলেও গ্রাহকদের বিদ্যমান সেবা ও অপারেটরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। তাঁদের ০১৬ নম্বর, সিম, চালু থাকা প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। নতুন করে সিম পরিবর্তন বা গ্রাহকের কোনো ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে না।

একইভাবে গ্রাহকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং সংরক্ষিত তথ্যেও কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে রবি।

এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়কে ভিত্তি করেই ‘সার্কেল’কে সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডের মাধ্যমে তরুণদের দৈনন্দিন ডিজিটাল জীবনযাত্রার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে রবি।

বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ডে দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেবে ‘সার্কেল’। একই সঙ্গে সেবাকে আরও সাশ্রয়ী ও আধুনিক করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ব্র্যান্ডের অন্যতম গুরুত্বের জায়গা ভবিষ্যৎমুখী প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবি আজিয়াটার ভাষ্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের জন্য আরও ব্যক্তিকেন্দ্রিক ও ডিজিটালনির্ভর সেবা গড়ে তুলতে চায় ‘সার্কেল’।

অর্থাৎ, এয়ারটেলের পরিচয় বদলালেও গ্রাহকের ব্যবহৃত নম্বর, সিম, প্যাকেজ বা ব্যালান্সে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটি মূলত ব্র্যান্ডের পরিচয় ও ভবিষ্যৎ সেবার ধরনে—যেখানে তরুণদের ডিজিটাল জীবনযাত্রা এবং নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে এগোতে চায় ‘সার্কেল’।