সংবাদ শিরোনাম

সঠিক রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   জাতীয়

সঠিক রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টার:

দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশ এখনো সঠিক ও নির্ভুল রোগ শনাক্তকরণে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘স্বাস্থ্যসেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনও প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করে সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে।

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, রোগীর চাপ বাড়তে থাকায় কিছু হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এমনও পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একটি কক্ষে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে রেখে সেবা প্রদান করতে হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই অবদানের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি আরও ধৈর্য, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে উন্নত প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।