রামিসা মামলায় দ্রুত অগ্রগতিকে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত বললেন প্রধানমন্ত্রী
শিশু রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ ঘটনায় কার্যকর ভূমিকা পালনের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রামিসার ওপর সংঘটিত নির্মম ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে তদন্ত পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এটি সরকারের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই ধরনের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত সদস্যরাও ঘটনার পর দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং আইন প্রয়োগে কোনো ধরনের আপস করা হবে না।