চামড়ার নতুন দাম নির্ধারণ: ঢাকায় সর্বোচ্চ ৬৭, ঢাকার বাইরে ৬২ টাকা। চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার
মহানগর ডেস্ক':
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এ বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির’ সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। অন্যদিকে, খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ঢাকা ও ঢাকার বাইরে সমানভাবে কার্যকর হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংরক্ষণ ও ব্যবস্থাপনা:
চামড়া সম্পদের অপচয় রোধে সরকার এ বছর বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া সংরক্ষণের জন্য এবারও সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করবে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা কোরবানির পরপরই চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। মূলত ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই চামড়া ব্যবস্থাপনার মূল কাজ সম্পন্ন করা হবে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, "আগামী কোরবানির ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি।"