সংবাদ শিরোনাম

মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়

মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

হাটহাজারী (চট্টগ্রাম), ৩১ বৈশাখ (১৪ মে):  

তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় তরুণরা ব্যস্ত থাকলে তাদের মধ্যে মাদকের নেশা ভর করতে পারবে না। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

প্রতিমন্ত্রী গতকাল চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে ‘মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়’ শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর পাশাপাশি তিনি দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার ভবিষ্যৎ প্রজন্মের তরুণ-যুবকদের চিন্তাভাবনা ও কর্মকে সুনজরে না দেখায় তারা মাদকের নেশায় মত্ত হয়ে আনাচে কানাচে কিশোর গ্যাং তৈরি করে সমাজকে কলুসিত করে রেখেছিল। তিনি বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আধুনিক, সুখী, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের কারিগর। মেধা ও দেশপ্রেমের সমন্বয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে তোমাদেরকেই বিশ্বমঞ্চের অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। তিনি উপস্থিত সবাইকে ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।

এদিন প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। এদিকে সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে তিনজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং দুস্থ দশটি পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবী পরিবারের নারীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।