রাতে উড়ছে প্রথম ফ্লাইট, হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন   |   জাতীয়

রাতে উড়ছে প্রথম ফ্লাইট, হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়

তাইফুর রহমান:

শুরু হচ্ছে হজের ফ্লাইট। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে হজযাত্রীদের বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। ফ্লাইট শুরুর প্রাক্কালে হজক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।  

সরেজমিনে দেখা গেছে, হজযাত্রীরা ক্যাম্পে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। ইতোমধ্যেই হজক্যাম্পে যাত্রী ও স্বজনদের ভিড় বাড়তে শুরু করেছে। 

হজযাত্রা। রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে। যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, তিনটি সৌদি আরবের সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস পরিবহন। এ বছর দেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি যাবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে। মন্ত্রণালয় আরও জানায়, ২১ মে হজ ফ্লাইট শেষ হবে।