সংবাদ শিরোনাম

প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে -শ্রমমন্ত্রী

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন   |   জাতীয়

প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে -শ্রমমন্ত্রী

ডেক্স নিউজ, সিলেট, ৩০ চৈত্র (১৩ এপ্রিল): 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানের দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। যেকোনো নির্মাণ কাজ যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনবহুল এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধনকালে একথা বলেন।

পরে মন্ত্রী জাফলং ব্রিজ সংলগ্ন পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সেখানে পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের তাগিদ দেন। ফাঁড়ি এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কেটে সেখানে প্রচুর পরিমাণে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশ দেন। এসময় তিনি স্থানীয় প্রশাসনকে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য জমি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এরপর স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাথর কোয়ারি সচল করা প্রসঙ্গে মন্ত্রী জানান, পাথর উত্তোলনের বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে খুব শীঘ্রই উচ্চপর্যায়ের সভা করা হবে। সিলেটের তরুণদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, সিলেটে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ড্রাইভিং, ক্যাটারিং, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ এবং চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শেখানো হবে। এছাড়া, কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে সেখানে রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫-তলা একাডেমিক ভবন এবং জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।