চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার
ইঞ্জিনিয়ার মোঃ আব্বাস উদ্দিন আশিক:
উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার পথে আরিফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চে নেমে আসে শোকের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দোয়েল পাখি-১০ লঞ্চ মুন্সিগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে লঞ্চের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফা ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের হাওলাদার হাট এলাকার বাসিন্দা আরিফ ও রোজিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।
স্বজনরা জানান, বুধবার সকালে ডায়রিয়াজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে শিশুটি। প্রথমে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বরিশালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে দুপুরে ইলিশা লঞ্চঘাট থেকে দোয়েল পাখি-১০ লঞ্চে ওঠেন তারা। পথেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা রোজিনা বেগম বলেন, “ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথেই আমার মেয়েটা মারা গেল।”
এদিকে লঞ্চে অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থাকলে হয়তো শিশুটির জীবন রক্ষা করা যেত। একই সঙ্গে ভোলা-ঢাকা ও ভোলা-বরিশাল রুটের লঞ্চগুলোতে চিকিৎসকসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
লঞ্চের কেরানি মো. হারেছ হোসেন বলেন, শিশুটি অসুস্থ ছিল বলে জানা গেলেও লঞ্চ কর্তৃপক্ষের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়নি। লঞ্চটি পুরোনো হওয়ায় মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেই। তবে সদরঘাটে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ ঘটনায় ভোলাবাসীর চিকিৎসা ও যাতায়াত সংকট আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।