ঝড়ের আভাস ৬০ কিলোমিটার বেগে
তাইফুর রহমান:
সারাদেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ দুপুরের মধ্যে শুধুমাত্র সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার ঝড়ের পাশাপাশি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।