সংবাদ শিরোনাম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন   |   জাতীয়

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০  ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল):

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গতকাল বাংলাদেশ ভারতকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরো বড় সাফল্যের স্বপ্ন দেখাবে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী খেলোয়াড়দের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর। সরকার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।