জুয়ার আসর নিয়ে উত্তেজনা: মুক্তাগাছায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত,আহত ৩
প্রতিদিনের দেশ ডেস্ক :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জুয়ার আসর বন্ধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী টগারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুর রহমান সাজু চণ্ডীমণ্ডপ চতল গ্রামের বাসিন্দা এবং দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আহতরা হলেন—বিন্নাকুড়ি এলাকার আব্দুল্লাহ ওরফে লম্বা আব্দুল্লাহ, মলাজানির খাটো আব্দুল্লাহ এবং টগারঘাট এলাকার আ. রহিম।
স্থানীয় সূত্র জানায়, দুল্লা ইউনিয়নের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
জানা গেছে, বিন্নাকুড়ি গ্রামের জাহিদুল নামের এক ব্যক্তি নিজের বাবাকে জুয়ার আসরে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের নিয়ে আসরটি ভাঙতে যান। এ সময় উপস্থিতদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লুৎফুর রহমান সাজুসহ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান জানান, ঘটনাস্থলে নিয়মিত জুয়া খেলা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।