শিক্ষামন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক
ঢাকা, ২৩ ফাল্গুন (৮ মার্চ):
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে Asian Development Bank-ADB এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর Hae Yun Jeong বৈঠক করেন।
এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরেন এবং এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরো জোরদার করা হবে।
এডিবি কান্ট্রি ডিরেক্টর Hae Yun Jeong বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।