সংবাদ শিরোনাম

গোপালগঞ্জে সৃষ্ট ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০৬ অপরাহ্ন   |   জাতীয়

গোপালগঞ্জে সৃষ্ট ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):

গোপালগঞ্জে গতকাল সৃষ্ট ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত করা হয়নি। যে কোন পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার দেশের যে কোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর। ইন্টারনেট বন্ধ করা বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোন জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোন নির্দেশনা জারি করেনি। অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ইন্টারনেট বন্ধের প্রশ্ন অবান্তর।    

দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে স্বৈরাচার এবং তাদের দোসররা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন ছড়ানোর পূর্বে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।