সংবাদ শিরোনাম

তিস্তা পারের মানুষের স্বার্থে, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে - উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন   |   জাতীয়

তিস্তা পারের মানুষের স্বার্থে, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে - উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পানি সম্পদ উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রদূতের তিস্তা নদী পরিদর্শনরংপুর, ৫ মাঘ (১৯ জানুয়ারি):

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা পারের পাঁচটি জেলার মানুষের স্বার্থে, প্রকৃতির স্বার্থে এবং জীবন-জীবিকা  ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তাকে বাঁচাতে হবে। তিস্তা প্রকল্প পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনে প্রেরণ করা হয়েছে। চীন প্রকল্পটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ইতোমধ্যে চীন প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে। তিনি আরো বলেন, এটি একটি বড় প্রকল্প যা বাস্তবায়ন হলে তিস্তা সংলগ্ন জেলার জনগণের জীবন-জীবিকা,  নদীর অববাহিকা এবং জীববৈচিত্র্যের কোন ক্ষতি না হয় সেটি নিশ্চিত করা হবে।  

আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা ব্রিজ সংলগ্ন ১০নং ঘাট পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে আলোচনাকালে উপদেষ্টা এসব কথা বলেন। 

উপদেষ্টা আরো বলেন, আজ চীনের রাষ্ট্রদূত এসেছেন তার সাথে বিশেষজ্ঞও রয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে কাজ চলছে, এটি অনেক বড় প্রকল্প হওয়ায় সর্তকতার সাথে কাজটি করতে হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। চীন বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, প্রকল্পটি বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। এসময় জনগণকে আশান্বিত হওয়ার অনুরোধ জানান তিনি।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি বড় প্রকল্প বিজ্ঞানসম্মতভাবে এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি আশা করেন নির্বাচিত সরকার প্রকল্পটির ধারাবাহিকতা বজায় রেখে কাজ চালিয়ে যাবেন। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।