শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজ ২০ জানুয়ারি, শহিদ আসাদ দিবস খুবই তাৎপর্যপূর্ণ।
পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বৈষম্যমূলক আচরণ ও দমন-পীড়নে যখন বাংলার মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন এ নির্যাতনের বিরুদ্ধে জনতার আন্দোলন এক নতুন রূপ নেয়।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে মিছিলে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহিদ হন এবং অনেকে আহত হন। শহিদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। পতন ঘটে আইয়ুব খানের।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে উদ্বুদ্ধ করবে।
আমি শহিদ আসাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শহিদ আসাদসহ দেশ মাতৃকার কল্যাণে আত্মদানকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”