লোহাগড়ায় যৌথ অভিযানে অস্ত্র গুলি উদ্ধার সহ গ্রেফতার ৪
খুলনা ব্যুরো :
নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে একটি চাইনিজ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যে আগ্রাহাটি এলাকার একটি মাছের ঘের থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী ওই ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গুলি, মদকসহ চাপাতি, দা ও রামদাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।