সংবাদ শিরোনাম

নিরপেক্ষ প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াতে ইসলামী

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন   |   জাতীয়

নিরপেক্ষ প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াতে ইসলামী

প্রতিদিনের দেশ রিপোর্ট :

প্রশাসন যদি একপেশে আচরণ অব্যাহত রাখে, তাহলে দেশে কখনোই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়—এমন মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখনো দেশে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এবং সভা পরিচালনা করেন সদস্যসচিব মাওলানা আবদুল হালিম। বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, নির্বাচন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্যে বৈঠকে একাধিক সাব-কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারহীনতা ও প্রশাসনিক পক্ষপাতের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসনের আচরণে একপেশেজ প্রবণতা দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি বলে তারা অভিযোগ করেন।

সভায় ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার বিষয়টিও ওঠে। নেতারা বলেন, এ ঘটনায় এখনো ন্যায়বিচার হয়নি। তারা দাবি করেন, সন্ত্রাস দমনে কার্যকর অগ্রগতি নেই এবং চিহ্নিত সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার হচ্ছে না। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অভিযান না থাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরির দাবি পুনর্ব্যক্ত করা হয়।

নেতারা বলেন, পরিস্থিতি সংশোধনের জন্য এখনো সময় আছে, তবে তা দ্রুত ফুরিয়ে আসছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা না গেলে দেশে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলেও তারা সতর্ক করেন।