শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি
ঢাকা, ২০ পৌষ (৪ জানুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বার্ষিক লভ্যাংশ থেকে ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৩৯৪ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ টাকার চেক প্রদান করে।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এ উপলক্ষ্যে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের
আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। তিনি আরো উল্লেখ করেন যে এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, সন্তানদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা খাতে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর মহাব্যবস্থাপক তারঘীবুল ইসলাম উপস্থিত ছিলেন।