জুলাই উইমেন্স ডে' উপলক্ষ্যে কাল কেন্দ্রীয় শহিদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো.
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে 'জুলাই উইমেন্স ডে'-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল ১৪ জুলাই ২০২৫ সোমবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত জুলাইয়ের শহিদ নারীদের উপর নির্মিত টিভিসি প্রদর্শন করা হবে। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ', 'জুলাই ওমেন’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকবে জুলাই শহিদ পরিবারের নারী ও জুলাই নারী যোদ্ধাদের স্মৃতিচারণ। অনুষ্ঠানে জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন ও এলিটা করিম এবং ব্যান্ডদল- ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।
জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’। ‘ড্রোন শো’ পরবর্তীতে জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন পুনরায় প্রতিধ্বনিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে।
অনুষ্ঠানে সকল স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল নারীর অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করা হয়েছে।