সংবাদ শিরোনাম

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে জাতীয় নীতিমালা প্রয়োজন- প্রাণিসম্পদ উপদেষ্টা

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন   |   জাতীয়

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে জাতীয় নীতিমালা প্রয়োজন- প্রাণিসম্পদ উপদেষ্টা

শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২১ আষাঢ় (৫ জুলাই):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতিমালা তৈরি প্রয়োজন। তিনি বলেন, ‘খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে ন্যায্য মূল্য নির্ধারণ এবং খরচ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।’

উপদেষ্টা আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর পোতাজিয়া ডেইরি পিজিতে ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুধ উৎপাদনে সিরাজগঞ্জ জেলার অবদানের ভূয়সী প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের একক জেলা হিসেবে সিরাজগঞ্জে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জেলার খামারিদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।’ তিনি জানান, সিরাজগঞ্জে দুধ সংগ্রহকেন্দ্র (চিলিং সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এই অঞ্চলের খামারিরা সহজে দুধ সংরক্ষণ ও বিপণনের সুবিধা পান।

খাদ্য ব্যয়ের চাপ কমাতে গবাদিপশুর জন্য ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘাসের চাষ বাড়ালে খামারিদের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। গরুর খুরা রোগ প্রতিরোধে দেশের চারটি জেলার মতো সিরাজগঞ্জেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের ফলে খামারিরা খুরা রোগজনিত ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং উৎপাদন আরও বাড়বে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক প্রমুখ। 

এর আগে উপদেষ্টা পাবনা জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। 

পরে উপদেষ্টা বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন। এছাড়াও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে বেঙ্গল মিটের লাল মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা, কসাইখানা, মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও জৈব গ্যাস প্লান্ট পরিদর্শন করেন।