সংবাদ শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্মদিনে লালমোহন ফোরামের শ্রদ্ধা ও শুভেচ্ছা

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন   |   জাতীয়

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্মদিনে লালমোহন ফোরামের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক 

ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বুধবার এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্মদিন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরাম। আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি নেতাকর্মী ও লালমোহন ফোরামের সদস্যরা অংশ নেন। তাঁরা জাতীয় রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং ভোলা-লালমোহনের উন্নয়নে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মেজর হাফিজ উদ্দিন আহমেদ শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন— তিনি সততা, দেশপ্রেম ও আদর্শ রাজনীতির প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় ছিলেন আপসহীন।

এক বক্তা বলেন, “মেজর হাফিজ সাহেবের নেতৃত্বে লালমোহনসহ ভোলায় উন্নয়নের যে ধারা তৈরি হয়েছে, তা স্থানীয় জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি জনসেবাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন, যা তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।”

অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি দেশের কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের জন্য প্রার্থনা করা হয়।