সংবাদ শিরোনাম

অন্ধ্র উপকূল অতিক্রম শেষে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন   |   জাতীয়

অন্ধ্র উপকূল অতিক্রম শেষে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৫

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ ও এর পার্শ্ববর্তী স্থলভাগে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এবং আগামী ঘণ্টাগুলোতে এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত সতর্কভাবে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।