সংবাদ শিরোনাম

২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল শুরু

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন   |   জাতীয়

২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুতে বন্ধ থাকা মেট্রোরেল অবশেষে ২৩ ঘণ্টা পর আবার চালু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সব রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, “অদ্য সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম (৩২) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা বন্ধ ঘোষণা করা হয়ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত রুটেও সেবা পুনরায় চালু হয়।

এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও যান্ত্রিক পরিদর্শন সম্পন্ন করে আজ সোমবার সকাল ১১টা থেকে সম্পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পিলার, বিয়ারিং প্যাড ও অন্যান্য স্থাপনা পুনরায় পরীক্ষা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”