সংবাদ শিরোনাম

ভোলার চরফ্যাশনে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

ভোলার চরফ্যাশনে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ও  গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আজ ভোলায় চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সাথে নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন। এর মাধ্যমে জনসাধারণের জন্য টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়।

পরে টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এ অঞ্চলের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করা হয়েছে। এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে এমন পরিকল্পনা আমাদের রয়েছে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদীগুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি বলে তিনি মন্তব্য করেন। 

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

‎পরে উপদেষ্টা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।