সংবাদ শিরোনাম

স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশে গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সমাবেশ

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন   |   জাতীয়

স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশে গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সমাবেশ

জেলা প্রতিনিধি নজরুল ইসলাম :

স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে আজ সোমবার সকাল থেকেই রাজধানীর গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতারা উপস্থিত হন কার্যালয়ে।

দলীয় সূত্রে জানা গেছে, এবার বরিশাল বিভাগের ছয়টি জেলার ২১টি আসনের মধ্যে প্রায় ৪০০ প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে থেকে মাত্র ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে সাক্ষাৎকারের জন্য।

গুলশান কার্যালয়ে সকাল থেকেই প্রার্থীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে আসতে থাকেন। অনেকেই সঙ্গে এনেছেন নিজ নিজ এলাকার কর্মী-সমর্থকদের। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র যুগ্ম-মহাসচিবসহ হাইকম্যান্ডের শীর্ষ নেতারা।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক সক্রিয়তা, ত্যাগ ও জনপ্রিয়তা যাচাই করা হবে এ সাক্ষাৎকারের মাধ্যমে।

বিএনপির এক নেতা বলেন, “দল এখন যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বরিশাল বিভাগের ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত।”

দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো পরিবেশ ছিল শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও নির্বাচনকেন্দ্রিক উদ্দীপনায় ভরপুর।