সংবাদ শিরোনাম

জুলাই শহিদ পরিবারবর্গের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

জুলাই শহিদ পরিবারবর্গের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর): 

আজ ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে জুলাই শহিদ পরিবারবর্গের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ-সহ সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই শহিদ পরিবারের সদস্যরা কমিশনকে অবহিত করেন যে, যেসব আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন দপ্তরে তারা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, নানা সময়ে নিজেদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলেও অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না।

শহিদ পরিবারবর্গ আরো বলেন, জুলাই জাতীয় সনদের একটি আইনি ভিত্তি থাকা প্রয়োজন, একইসঙ্গে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও জরুরি। এ বিষয়ে উপস্থিত সকল শহিদ পরিবারের সদস্যরা একমত পোষণ করেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা অবগত যে জুলাই ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। কমিশন আশ্বস্ত করে যে, উত্থাপিত সব বিষয় যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে।

এছাড়া, বৈঠকে শহিদ পরিবারবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলে কমিশন এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করে।

বৈঠকে জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া (শহিদ ফারহান ফাইয়াজের পিতা), মীর মোস্তাফিজুর রহমান (শহিদ মুগ্ধ’র পিতা),  মোঃ মহিউদ্দীন (শহিদ ইয়ামিনের পিতা), কবির হোসেন (শহিদ জাবির ইব্রাহিমের পিতা), মোহাম্মদ আবদুল মতিন (শহিদ শাহরিয়ারের পিতা), মোঃ গোলাম রাজ্জাক (শহিদ রিয়ানের পিতা), মোঃ গাউছ উল্লাহ (শহিদ আব্দুল্লাহ’র ভাই), সাইফ আহমেদ খান (শহিদ আব্দুল হান্নানের ছেলে), মোঃ ওবায়দুল হক,  সৈয়দ গাজীউর রহমান (শহিদ মোন্তাসিরের পিতা)