সংবাদ শিরোনাম

সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের আহ্বান: জাতীয় সংলাপে নেতৃবৃন্দের বক্তব্য

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন   |   জাতীয়

সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের আহ্বান: জাতীয় সংলাপে নেতৃবৃন্দের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র ও জাতি গভীর অন্ধকারে নিমজ্জিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম. এ মতিন।

তিনি বলেন, “দেশ আজ এক ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। দুর্নীতি, সিন্ডিকেট ও বেকারত্ব বেড়ে সাধারণ মানুষ দিশেহারা। এখনই সর্বদলীয় উদ্যোগে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।”

শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় “সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য” শীর্ষক জাতীয় সংলাপ।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা এম. এ মতিন। তিনি বলেন,  “৩৬ জুলাইয়ের পর মানুষ ভেবেছিল দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অন্যায়ের অবসান হবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারব্যবস্থা ভেঙে পড়েছে, অসংখ্য শিল্প-কারখানা বন্ধ হচ্ছে। এখন সময় এসেছে দলমতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার।”

সংলাপে সভাপতির পাশাপাশি বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও প্রতিনিধিবৃন্দ— মুহাম্মদ আবদুল হাকিম, মেজর আমিন আহমেদ, ইঞ্জিনিয়ার বি. এম. এরশাদ, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি. এম. এরশাদ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “দেশকে ফ্যাসিবাদী শাসনমুক্ত করতে গিয়েই ১৯৭১ ও ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছিল। আজও সেই চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে—যেখানে সবার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।”

বক্তারা আরও বলেন, জাতীয় সংকট সমাধানে সব দলের অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— মোহাম্মদ আবু আহাদ আল মামুন, এস. এম. আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, আজাদ হোসাইন, তানভীর হাসান, ডা. ফুয়াদ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যে ডা. এস. এম. সরওয়ার বলেন, “সুশাসনের জন্য রাজনৈতিক ঐক্য কোনো বিলাসিতা নয়, এটি জাতীয় প্রয়োজন। তাই আজকের সংলাপ আমাদের ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এর মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।