সংবাদ শিরোনাম

দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন   |   জাতীয়

দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান   নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর):

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

নাটোরে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নাটোর সদর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

বগুড়ায় অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চণ্ডিহারা এলাকায় অবস্থিত মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা মালিককে পরিবেশবান্ধব ব্লক ইট বা FAL-G ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

প্রথম অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আবদুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোঃ আবদুল কাদেরকে ১৫দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নওগাঁয় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথমটিতে, পূজাখোলা-বয়রা এলাকায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একটি যানবাহনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় অভিযানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় ৯টি গাড়ি থেকে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান সারা দেশে নিয়মিতভাবে চলবে।