ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ভোট গণনা শুরু
ব্রাজিলে বহুল আলোচিত ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী প্রার্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।
দেশজুড়ে নিবন্ধিত প্রায় ১৫ কোটি ৮৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রেসিডেন্ট পদের পাশাপাশি গভর্নর, সিনেটর, ফেডারেল ডেপুটি এবং অঙ্গরাজ্য পর্যায়ের প্রতিনিধি নির্বাচনের ভোটও একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ভোটের আগে প্রকাশিত সর্বশেষ জরিপে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল অত্যন্ত কম। ডাটাফোলহা জরিপে বৈধ ভোটের হিসাবে লুলার পক্ষে ৪৫ শতাংশ এবং ফ্লাভিওর পক্ষে ৪২ শতাংশ সমর্থনের চিত্র উঠে আসে। তবে ২ শতাংশ পয়েন্ট ত্রুটিসীমার কারণে নির্বাচন গড়িয়েছে পরিসংখ্যানগত টাই বা হাড্ডাহাড্ডি অবস্থায়।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হচ্ছে। কেন্দ্রগুলো থেকে পাওয়া বুলেটিন সরাসরি জাতীয় ফলাফলে যোগ হওয়ায় গণনার শুরুতেই ফলাফলের চিত্র বদলাতে শুরু করেছে। প্রাথমিক ধাপে কিছু কেন্দ্রে এগিয়ে থাকলেও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ভোট গণনা শেষ হলে মূল ব্যবধান স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।
প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি বৈধ ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্বের ১৩৪টি দেশের প্রবাসী ব্রাজিলিয়ানরাও এ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিদেশে প্রাপ্ত ভোট গণনায় জাপান, চীন ও ইউরোপের দেশগুলোতে অঞ্চলভেদে দুই প্রার্থীর আলাদা আধিপত্য দেখা গেছে।
আরো পড়ুন----সৌদির বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলা