ইসরায়েলপন্থী অর্থের ঢল ঠেকিয়ে জয়ী আয়েশা ওয়াহাব

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইসরায়েলপন্থী অর্থের ঢল ঠেকিয়ে জয়ী আয়েশা ওয়াহাব

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর বিপুল অর্থায়নে চালানো প্রচারণা মোকাবিলা করে বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের ছেড়ে যাওয়া আসনটি দখল করলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার ওয়াহাবের জয়ের পূর্বাভাস দেয়। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল এই নেত্রী তাঁর প্রতিদ্বন্দ্বী ও মধ্যপন্থী ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজকে হারিয়েছেন।

ওয়াহাব এখন ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর মেয়াদ শেষ হবে আগামী জানুয়ারিতে। পরে নভেম্বরের নির্বাচনে একই আসনের পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য আবারও হার্নান্দেজের মুখোমুখি হবেন তিনি।


জয়ের পর ওয়াহাব বলেন, তাঁকে গড়ে তোলা এই জেলার জন্য তিনি লড়াই করবেন। তাঁর ভাষায়, এই জয় দেখিয়ে দিয়েছে-এই জেলা ‘কেনা যায় না’। আফগানিস্তান থেকে আসা পরিবারের সন্তান ওয়াহাব কংগ্রেসের প্রথম আফগান-আমেরিকান সদস্য হতে যাচ্ছেন।

এ নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীগুলো নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে প্রার্থীদের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

জুনে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে ওয়াহাব ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে সহজেই এগিয়ে ছিলেন। সেখানে হার্নান্দেজ পেয়েছিলেন ১৭ শতাংশ ভোট। তবে চূড়ান্ত পর্বের আগে বিপুল অর্থের প্রচারণায় লড়াইটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি-এআইপ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাক ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট আগস্টের শুরু থেকে হার্নান্দেজের পক্ষে প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। এআইপ্যাকের অর্থায়ন পাওয়া আরেকটি গোষ্ঠী বোল্ড আমেরিকাও প্রায় ১৯ লাখ ডলার ব্যয় করেছে বলে সিএনএন জানিয়েছে।

ওয়াহাবের বিরুদ্ধে প্রচারিত কিছু বিজ্ঞাপনে সরাসরি ইসরায়েল বা গাজা প্রসঙ্গও ছিল না। একটি বিজ্ঞাপনে তাঁর বিরুদ্ধে শিশুদের যৌন পাচারসংক্রান্ত আইন দুর্বল করার অভিযোগ তোলা হয়। ওয়াহাব এই অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করে পাল্টা ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, অপ্রাপ্তবয়স্কদের পাচার বা তাদের যৌন কাজে প্ররোচিত করা তাঁর উদ্যোগে সর্বক্ষেত্রে বেআইনি ও গুরুতর অপরাধ করা হয়েছে। তিনি প্রচারণাটিকে ‘৫০ লাখ ডলারের মিথ্যা’ বলে আখ্যা দেন।

গাজা যুদ্ধের বিষয়ে ওয়াহাবের অবস্থানও তাঁকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে আলাদা করে চিহ্নিত করেছে। গত বছর তিনি ক্যালিফোর্নিয়ার একটি প্রস্তাবে সহ-লেখক হিসেবে কাজ করেন, যেখানে গাজার ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ নিন্দা করে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

এপ্রিলের এক প্রার্থী বিতর্কে গাজায় ফিলিস্তিনিদের ওপর যা ঘটছে, তা গণহত্যা কি না—এমন প্রশ্নের জবাবে ওয়াহাব ‘হ্যাঁ’ বলেন। হার্নান্দেজ সরাসরি উত্তর না দিয়ে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে গাজায় ধ্বংসযজ্ঞ ‘খুব বেশি দূর’ চলে গেছে।

ওয়াহাব ক্যালিফোর্নিয়ার আইনসভায় অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার, আবাসন ব্যয় কমানোসহ বিভিন্ন ইস্যুতে কাজ করেছেন। জাতভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করার একটি বিলও তিনি এনেছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম পরে সেটিতে ভেটো দেন।

ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর বড় অর্থ ব্যয়ের মধ্যেও প্রগতিশীল প্রার্থীদের জয়ের সাম্প্রতিক ধারায় ওয়াহাবের বিজয় নতুন উদাহরণ হয়ে উঠেছে। মিশিগানের সিনেট প্রার্থী আবদুল এল-সাইদও এ বছর প্রাইমারিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর বিপুল ব্যয় মোকাবিলা করে নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে যাওয়ার সুযোগ পেয়েছেন।

ওয়াহাবের জয়ে ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। কংগ্রেস সদস্য রো খান্না তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মেডিকেয়ার ফর অল, জীবনযাপনের উপযোগী মজুরি এবং ইরানের যুদ্ধ বন্ধের মতো ইস্যুতে তিনি ওয়াহাবের সঙ্গে কাজ করতে চান।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement